জীবন উপুড় করে দিয়েছি তোমাকে সব, শেষ বিন্দুটুকু
এতদিন উপার্জন যা-কিছু করেছি, সব, অকাতরে ঢেলে
পালিয়ে গিয়েছি দূরে, যেন নাগাল না-পাও কোনওদিনই আর।
ঊর্ধ্বশ্বাসে ছুটি আমি, পা-কেটে রক্তাক্ত হয় অনেকটা পথ
তবু দাঁড়াই না পথে, শূন্যতা সম্বল করে একা একা নিরুদ্দেশে যাই।
গিয়ে বাঁচি।
যত দূরে যেতে পারি, তোমার নিঃশ্বাস থেকে যত দূরে, তত
বাঁচার আশ্বাস পাই, হাওয়ারা আলিঙ্গন করে চুমু খায়।
একেবারে নিঃস্ব আমি, তবু হাহাকার নেই, নিখাদ উল্লাস
আমি তো পেখম মেলে চারদিকে নেচে গেয়ে কানে কানে বলি
এর নাম স্বাধীনতা, তুমি নেই বলে এটি আছে, আর এটি আছে বলে
আমি আছি।
.................
ভাদ্র-আশ্বিন, ১৪৩১
