অস্তিত্বের ঋণাত্মক মান
"It is better to have loved and lost
Than never to have loved at all."
— Alfred Lord Tennyson
১.
একটি বিন্দু নিজের চারপাশে
অদৃশ্য একটি বৃত্ত এঁকে ফেলে।
সেই থেকে কেন্দ্র আর পরিধির মধ্যে
কেবল দূরত্বেরই বসবাস।
হয়তো সেই দূরত্বের ভিতরেই
একটি নক্ষত্র
নিজের আলোকে প্রথম চিনেছিল
২.
সমুদ্র সরে যাওয়ার পরে, বালির ভিতরে
যে লবণাক্ত অক্ষরমালা থেকে যায়
তাদের পাঠোদ্ধার আজও সম্ভব হয়নি।
তবু প্রতিটি অক্ষরের শরীরে
একটি ডুবে যাওয়া জলের স্মৃতি লেগে থাকে,
ঢেউ ফিরে আসে না।
শুধু অক্ষরগুলো
আরও একটু অস্পষ্ট হয়ে ওঠে
৩.
ছায়া সারাদিন আলোর পিছু পিছু হাঁটে।
সন্ধ্যার কাছে এসে
দুজনের মাঝখানে
দেওয়ালটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়।
কিছুক্ষণ
আলোকে আর ছায়া বলে বোঝা যায় না।
শুধু দেওয়ালের গায়ে একটি অসমাপ্ত আকৃতি
৪.
মানচিত্রের বাইরে একটি নদী বয়ে যায়।
কোনও নাম নেই,
দুই তীরেরও পরিচয় নেই কোনও
জল শুধু একটি অচেনা ভূগোলকে
ধীরে ধীরে কেটে যায়—
কোথাও কি
সীমারেখা শেষ হয়
নাকি নদীই তার আর-এক নাম?
৫.
পলক পড়তেই জানালার বাইরে থেকে
একজন দর্শক সরে গেল।
গাছটি রইল
দুপুর রইল
আকাশও
শুধু দৃশ্যটির ভিতরে একটি ছোট্ট অন্ধকার
যেখানে তাকালে
কিছুই দেখা যায় না
৬.
পাথর ক্ষয়ে যেতে যেতে
একদিন মূর্তিটির মুখ হারাল।
রইল কয়েকটি রেখা
আর কয়েকটি অসম্ভব ভাঁজ,
যে মানুষটি সেখানে ছিল
তার চেয়ে হয়তো
তার অনুপস্থিতিই বেশি স্পষ্ট।
বাকিটুকু
পাথর জানে
৭.
গাছটি কেটে ফেলার পর
কাণ্ডের ভিতর থেকে বেরিয়ে এল কতগুলি বৃত্ত।
কোথাও পাতার শব্দ নেই,
পাখিরাও ফিরে আসে না।
তবু সেই বৃত্তগুলোর মধ্যে
কেউ যেন থেমে আছে—
কোন ঋতুতে তার নাম ছিল
আজ আর মনে পড়ে না
৮.
দুটি শূন্য পাশাপাশি।
মাঝখানে কোনও সংখ্যা নেই।
তবু তাকিয়ে থাকতে থাকতে
দুই শূন্যের মধ্যবর্তী ফাঁকটি
বাড়তে থাকে...
এতটাই
যে অঙ্কের বাইরে
আরেকটি হিসাবের কথা মনে পড়ে।
৯.
সমুদ্রের কাছে গিয়ে নদী
নিজের নামটিই ভুলে গেল।
সমুদ্রও যে নতুন নাম দিল, তা নয়
শুধু নোনা জলের ভিতরে একটি দীর্ঘ ঢেউ
তারপর আর বোঝা গেল না—
কোনটি ফিরে যাওয়া
কোনটি হারিয়ে যাওয়া
হয়তো নদী, সেই জন্যই নদী ছিল।

No comments:
Post a Comment