Monday, November 9, 2026

গুচ্ছ কবিতা : দেব মাইতি

 





ঈশ্বর


ঈশ্বর বেশি দূরের নয়

কারো নয়

ঈশ্বর আমার

আমি যখন বিপদে ডাকি

ঈশ্বর সাড়া দেয় তৎক্ষণাৎ

ঈশ্বর বেশি দূরের নয়

কারো নয়

ঈশ্বর আমার

আমি চাইলেই তিনি আসেন হাসেন

শোনেন আমার কথা

আমি যদি বলি পূজা আশীর্বাদ

শক্তি দাও সাহস

ঈশ্বর মাথায় রাখেন হাত

ঈশ্বর বেশি দূরের নয়

কারো নয়

ঈশ্বর আমার

সাথেই আছেন

পাশেই থাকেন

দাও বললেই দরজা খুলে দেন

নাও বললেই টেনে নেন বুকে

ঈশ্বর বেশি দূরের নয়

কারো নয়

ঈশ্বর আমার

বুকেই বাজেন

চোখেই দেখেন

মনেই গায় গান

ঈশ্বর বেশি দূরের নয়

কারো নয়

ঈশ্বর আমার

সন্ধ্যা প্রদীপ

ভোরের আজান





নীলকন্ঠ


ওরা গাছ কাটে

ওরা মানুষ কাটে


ওরা আমাকেও কেটেছে

কিন্তু খেতে পারেনি

বিষ যে তিতো

ওরা মুখ থেকে থু থু করে আমাকে বার করে দিয়েছে

তারপর থেকে ওরা আমাকে ব্যবহার করতে না পেরে দেখলেই থু তু দেয়


আমাকে, আমাদের





বীজ


তুমি চলে যাবে


কতদূর যাবে?


আমি তোমার প্রেমিক


যতদূর যাবে


রয়ে যাবে





কবিতা উৎসব


যদি আমি কবিতা লিখি

প্রথমেই লিখব 'তুমি '

যেন এইমাত্র জন্মালো পৃথিবী


যদি আমি 'তুমি' লিখি

তাহলে লিখব 'ভালবাসি'

শাখায় শাখায় ফুল মুকুল মঞ্জরি


যদি আমি 'ভালবাসি' লিখি

জানি তুমি অনন্ত হয়ে যাবে

মিনিট সাল ঘন্টা বছর কিছু নয়


যদি আমি 'ভালবাসি' লিখি

পৃথিবীও কম পড়ে যাবে গ্রহ নক্ষত্র

আর তখনই তো শুরু হবে কবিতা





সাথী


আমার কবিতা

বেঁচে থাকার আশ

শ্বাস প্রশ্বাস

ক্ষুধার জ্বালা জঠরে


আমার কবিতা

হারানো প্রাণ

গায় গান

ঘুরে ফিরে


আমার কবিতা

একলা পাখি

আকাশ চেয়ে

উড়তে বাকি


আমার কবিতা

বুকের ভেতর

জমাট পাথর

ছেনি হাতুড়ি ঘা


আমার কবিতা

মাঠ পেরয়

একা একলা

বৃষ্টি মেঘলা


আমার কবিতা

ছু মন্তর

বন্ধু বান্ধব

অনন্ত




No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা : দেব মাইতি

  ঈশ্বর ঈশ্বর বেশি দূরের নয় কারো নয় ঈশ্বর আমার আমি যখন বিপদে ডাকি ঈশ্বর সাড়া দেয় তৎক্ষণাৎ ঈশ্বর বেশি দূরের নয় কারো নয় ঈশ্বর আমার আমি চ...