কথামৃত/-্যু
১
কথাকে বোবা হতে বলি
কিন্তু তেমনটা জেনেটিক নয়
হায়...
কথারা-
অর্থহীন, ভুলভাল বকে যায়..
২
শব্দ জলে ডোবাই
যেভাবে ছোটবেলায় চৌবাচ্চায় বেলুন ডোবাতাম
আঙুল দিয়ে চেপে চেপে
হাত আলগা হলেই প্রলাপের
ভিসুভিয়াস ওঠে
অকারণ... ফুলে ফেঁপে...
৩
মুখের কাছে আসার আগেই খুন করি
গলার কাছে রক্তারক্তি
কথার শব শনাক্ত করতে গিয়ে
ডাহা মিথ্যে ডাহা মিথ্যে
আমি কোনোদিনই চিনতাম না এদের।
৪
পিছন থেকে ধাক্কা দিয়ে
খাদে ফেলে দিয়েছি কতবার
কত নিচে পড়ে আছে সেসব হতভাগ্য
শব্দদেহভার.. জানিনা..
বাক্যপ্রেত স্বপ্ন ফুঁড়ে ওঠে..
৫
হৃদকম্পে চাপা পড়ে গেছে
কথার সাজানো টাউনশিপ
ধ্বংসস্তুপের নিচে হাত পা ভেঙে
কবিতা পড়ে আছে
আমি আর
রেসকিউ টিম পাঠাবোনা কারো কাছে...

No comments:
Post a Comment