Thursday, November 19, 2026

গুচ্ছ কবিতা : সব্যসাচী রায়

 



তিরন্দাজের শেষ গ্লাসটা


হাতটা স্থির রাখার জন্য মদ খেত। ধনুকটা 

ঠেস দিয়ে রাখা দেওয়ালে, বৃষ্টির পর বৃষ্টিতে যার ছিলা 

ঢিলে হয়ে গেছে। পাশের টেবিলে দুজন অচেনা মানুষ 

স্পর্শ দিয়ে বানাচ্ছিল নতুন ভাষা, টেলিভিশনে 

নিঃশব্দে জ্বলতে থাকা শহরের ওপর তাদের হাসি উঠে যায়।

একদিন হাঁটু গেড়ে বসতে বলা হয়েছিল। একদিন আনুগত্যকেই 

শান্তি ভেবেছিল। মদ খেয়েও কোনও স্মৃতি সহজ হয়নি।

একটা ছেলে একদিন এগিয়ে এসে জানতে চাইল: 

এই ধনুক দিয়ে চাঁদের বুক ভেদ করে তির ছোড়া যায়? 

কিছু বলল না। নিজের আঙুলের মুঠো 

আলগা করতে শিখছে।





তোমাকে হারানোর অ্যালগরিদম


প্রতিটা প্রেমের গান আমাদের সব জানে। মনে হয়, হৃদয়ভাঙারও 

মাসিক সাবস্ক্রিপশন আছে। বিমার বিজ্ঞাপন আর

সীমিত সময়ের সুখের অফারের মাঝখানে

রেডিও তোমার গলা পাঠিয়ে দেয়।


কৌশলটা জানি। সুরের ওঠানামা, ঠিক সময়ে বৃষ্টি,

তোমার নাম আবিষ্কার— বাজারে চালানোর মতো 

নিখুঁত বিষণ্ণতার ভিতর। তবু গানগুলো জমিয়ে রাখি।


আমার ফোন তোমার যতখানি মনে রেখেছে,

স্বীকার করাও নিরাপদ নয়: পুরোনো ছবি, মুছে ফেলা বার্তা,

এমন একটা জায়গা, যেখানে আমাদের কেউই আর যাই না।


চাইলে তোমার বদলে অন্য কাউকে বসানো যেত, আরও 

ভালো আলোয় তৈরি নতুন মুখ, কয়েকটা পছন্দের মিল আর 

সামান্য বোঝাপড়া নিয়ে। অ্যাপগুলো একেই বলত আপডেট।

কিন্তু অ্যালগরিদমের অনেক নীচে একটা হাস্যকর 

পুরোনো অনুভূতি কিছুতেই রাজি নয়।


গত রাতে একটা অচেনা গান বেজে উঠল।

তিন মিনিটের জন্য কাউকেই ভালোবাসিনি।

সহ্য করা প্রায় অসম্ভব ছিল।





জাহাজ ছেড়ে যাওয়ার নির্দেশিকা


ডুবন্ত জাহাজে শেষ পর্যন্ত থেকে যাওয়ার জন্য ক্যাপ্টেন একটা পুরস্কার পেয়েছেন।

ব্রিজে দাঁড়িয়ে তিনি টাইটা ঠিক করেন, 

আর সমুদ্র জাহাজের নকশা নতুন করে সাজায়।

নাবিকেরা জানতে পেরেছে, জরুরি নির্গমনপথগুলো কোথাও যায় না।

কর্তৃপক্ষের মতে, লাইফবোটের ব্যবস্থা এখনও বিবেচনাধীন।

ডেকে কেউ একজন পিতলের রেলিং ঘষে চকচকে করছে।

এ ধরনের পরিস্থিতির জন্য নিয়মকানুন আছে।

নিয়মকানুন সব সময়ই থাকে।


ক্যাপ্টেন যাত্রীদের উদ্দেশে ঘোষণা করেন:

জাহাজের গতিপথ নিয়ে আমরা এখনও যথেষ্ট আশাবাদী।

একটা বাচ্চা জিজ্ঞেস করে, আশাবাদ কি জলে ভাসতে পারে?

মাইক্রোফোনে প্রশ্নটা ধরা পড়ে যায়। ক্যাপ্টেন ভান করেন, ওটা হাততালি।

মাঝরাতের মধ্যে অর্কেস্ট্রা থেমে গেছে। তিনি একটা বিবৃতি লিখছেন—

অস্বাভাবিক আবহাওয়া, পূর্বানুমান করা অসম্ভব পরিস্থিতি

এবং সামুদ্রিক নেতৃত্বের অসাধারণ সহনশীলতা নিয়ে।


ভাবি, ইতিহাসটা লিখবে কে? যাত্রীরা, যদি কেউ বেঁচে থাকে।

শেয়ারহোল্ডারেরা, যদি ইতিহাসে লাভের গন্ধ থাকে।

হয়তো জাহাজটাই, যদিও ইতিমধ্যে নিজের নাম ভুলতে শুরু করেছে।


ভোরবেলা সংস্থা ঘোষণা করে,নৌপরিবহণের ইতিহাসে 

অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। ক্যাপ্টেন আরও একটা পুরস্কার পান।

সমুদ্র জাহাজটাকে নিজের কাছে রেখে দেয়।




উত্তরাধিকারের শরীর


বাবার হাত কারখানাটা চিনত নিজের ভবিষ্যতের চেয়েও ভালো।

কোনও যন্ত্রের গায়ে কিছু পুড়তে থাকা গন্ধ শুঁকেই

বলে দিতেন তার ভিতরের তাপমাত্রা।

বাড়িতে ঠাকুমা ছেঁড়া জামার হাতা সেলাই করতেন

একটা বাল্বের নীচে, যার আলোয় সবাই অসুস্থ।

দুজন মিলে বাঁচার ব্যবস্থা তৈরি করতেন:

একজন প্লাস্টিকে, অন্যজন সুতোর ফোঁড়ে,

দুজনেরই মজুরি মিলত ঘণ্টা ধরে—বিপর্যয়টাকে 

আরও একটু পিছিয়ে দেওয়ার জন্য।


এত বছর পরেও বাবার কনিষ্ঠ আঙুলটা সেই দুর্ঘটনার দিকেই বেঁকে থাকে,

যে দুর্ঘটনা পুরোপুরি ঘটেইনি কোনও দিন। পারিবারিক ছবিটায় 

হাত দুটো ছাড়া সবাই হাসছে।


মাঝে মাঝে কল্পনা করি, মৃতেরা

অন্য কোনও দেশে এখনও তাদের পুরোনো শিফটে কাজ করে যাচ্ছে,

সেখানে যন্ত্রের কোনও জরুরি বন্ধের বোতাম নেই,

কেউ কাজের শেষে বাড়িও ফেরে না।


হয়তো উত্তরাধিকার বলতে এইটুকুই:

একটা শরীর কেনাকাটার সব রসিদ জমিয়ে রাখে।


এখন আমার হাতেও বাবার হাতের ছাপ। 

একবার ছুঁলে যা চিরস্থায়ী হতে পারে,

তাকে ছোঁয়ার আগেই হাত থমকে যায়।





দিগন্তহীন দেশ


একটা বছর, যখন আকাশ মাটি থেকে তার দূরত্ব ভুলে ছিল।

বাড়িগুলো দাঁড়িয়ে ক্লান্ত সৈনিকের মতো।

শিশুরা শিখে গিয়েছিল কোন শব্দ মেঘের গর্জন, আর কোনটা কামানের।

আমরা নিজেদের নাম মুখের ভিতর লুকিয়ে রাখতাম,

যেন বিপদ হবে জোরে উচ্চারণ।

পরিচয়পত্র দেখাতে হত চেকপোস্টে নীরবতারও।


কোনও কোনও রাতে পাহাড়ের ঢালে উঠতাম ধোঁয়ার ওপারে তারা খুঁজতে।

একটা একটা করে ফুটে উঠত তারা,

সরকারি অন্ধকারের গায়ে ছোট ছোট ছিদ্রের মতো।

পাশে দাঁড়ানো মহিলা তাদের গুনতেন, যেন গুনে ফেলতে পারলেই

কোনও হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসবে।

কেউ আগামীকালের কথা তুলত না। 

সকালের কাছে প্রতিশ্রুতি দেওয়া মানুষদের

পরিণতি আমরা নিজের চোখে দেখেছি।


তবু একটা ছেলে ধ্বংস হয়ে যাওয়া স্কুলের দেওয়ালে

নীল রঙের একটা জানলা এঁকেছিল।

জানলার পিছনে এঁকেছিল হলুদ পর্দা। 

এক মুহূর্তের জন্য

দেওয়ালটার যেন অন্য কোথাও যাওয়ার রাস্তা।

No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা : সব্যসাচী রায়

  তিরন্দাজের শেষ গ্লাসটা হাতটা স্থির রাখার জন্য মদ খেত। ধনুকটা  ঠেস দিয়ে রাখা দেওয়ালে, বৃষ্টির পর বৃষ্টিতে যার ছিলা  ঢিলে হয়ে গেছে। পাশের...