পায়ের তলায় পোস্ত : পর্ব ২
পাহাড়ে কতবার গেছি তা আমি গুনে গুনে বলে দিতে পারি। আসলেই গুনতে পারি, কারণ , মধ্যবিত্ত সংসারে ফি বছর পাহাড়ে যাওয়া বিলাসিতা। পাহাড়ে যাচ্ছি শুনলেই আমার বড় জেঠু সবসময়ই একটু দাঁত খিঁচিয়ে রজতাভ দত্ত ভঙ্গিতে বলে উঠতেন, ‘আদিখ্যেতা!’ যদিও বাবা ওসবে খুব একটা আমল দিতেন না। বরং যে বছর আমাদের পাহাড়ে যাওয়া হতো না, বাবা খুব কাছের কোনো জঙ্গলে নিয়ে গিয়ে ফেলতেন। বলতেন, ‘মানিক, শুধু পাহাড় দেখলেই হবে না, জল-জঙ্গল সব জানতে হবে।’
সুতরাং পাহাড়ে যাওয়া হতো, কয়েক বছর বাদে বাদে। অনেক জমানো ছুটি আর অনেক কাটছাঁটের পর। বেশিরভাগটাই বাবার হাত ধরে।
আমার এখনও স্পষ্ট মনে আছে। বাবার একখানা নীল রঙের ব্যাগ ছিল। বেড়াতে গেলেই ওই ব্যাগটি বাবার একমাত্র সঙ্গী। বেরোনোর ঠিক আগে, জিনিসের ধকলে, ব্যাগের চেন একবার না একবার আটকে যেতই। তারপর একপ্রস্থ জোর জবরদস্তি! এমনই ছিল সেইসব ছেলেবেলা। আর ছিল বাবার দুটো হাত... শক্ত, খসখসে, কিন্তু কী ভরসার! প্রথম যেবার পাহাড়ে গেলাম, বাবা আমার হাতটা শক্ত করে ধরে ছিল, এক অমোঘ অবলম্বনের মতন।
আপাতত হাঁপিয়ে উঠেছি। একটু ছায়া দেখে বসলাম। বসলাম তো বসলাম, কিন্তু বসার পরেই বুঝলাম বসাটাই ভুল হয়েছে। পাহাড়ে বসলে আর উঠতে ইচ্ছে করে না। পা দুটো যেন বলে, “আর কত? এবার একটু জিরোতে দাও।” আর মন বলে, “উঠে পড় কাকা, ওরা তো এগিয়ে গেল।” এই পা আর মনের ঝগড়া আমার সেই ছোটবেলা থেকেই।
আমরা রয়েছি সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের ভেতরেই। ধোত্রে থেকে আজ পথচলা শুরু। এখান থেকে টংলু হয়ে টুমলিং। এইভাবে পরপর পাঁচ দিন। এরপর নেপালের জৌবারি হয়ে যমুনা, তারপর মাবু, মাইমাজুয়া হয়ে এগিয়ে যাবো আরও সামনে , আরও উঁচুতে…
ধোত্রে — ছোট্ট একটা গ্রাম। এমন ছোট যে একবার হাঁটলে পুরোটা ঘোরা হয়ে যায়। কিন্তু এই ছোট্ট গ্রামটার বুকের ভেতর যে কী বিশাল এক আকাশ লুকিয়ে আছে…
ভোরবেলা এখানে ঘুম ভাঙে কাঞ্চনজঙ্ঘার আলোয়। সকাল থেকেই টুরিস্টদের ভিড়। কেউ ছাদে, কেউ রাস্তায়, কেউ চায়ের কাপ হাতে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে। অপেক্ষা একটাই — কখন মেঘ সরবে, আর কখন ওই শুয়ে থাকা বুদ্ধ মূর্তিটা একটু দেখা দেবে। আর দেখা দিতেই— শুধু ক্যামেরার ক্লিক ক্লিক আর নিঃশ্বাসের শব্দ !
এই ভিড়ের মাঝেই চলে ধোত্রের নিজের জীবন। এখানকার মানুষগুলো বড় সহজ-সরল। সকাল হলেই মেয়েরা উঠোন ঝাঁট দেয়, ছোট ছোট দোকানে আগুন জ্বলে। আলুর পরোটা, মোমো, থুকপা, গরম চা — এই দিয়েই শুরু হয় দিন। পুরুষরা কেউ গাইড, কেউ পোর্টার। কেউ কেউ আবার মেয়েদের সঙ্গে হাতে হাত মিলিয়ে হোমস্টে সামলাচ্ছে। বড় আনন্দ দেয় সে দৃশ্য!
এদের বেশিরভাগ ঘরগুলো কাঠের, টিনের চাল। ঘরের সামনে শুকোতে দেওয়া হয় ভুট্টা, লঙ্কা। যদিও তিন চার তলা কংক্রিটের ইমারত এখানেও থাবা বসিয়ে দিয়েছে, মহানন্দে! বাচ্চাগুলো স্কুলের পোশাক পরে, কাঁধে ব্যাগ নিয়ে পাহাড়ি পথ ধরে নেমে যায় নিচের দিকে। এই পাহাড়, এই কাঞ্চনজঙ্ঘা — ওদের রোজকার উঠোন।
সন্ধে নামলেই ধোত্রে আবার চুপচাপ হয়ে যায়। টুরিস্টরা ঘরে ঢুকে যায়। শুধু থাকে পাহাড়ি হাওয়া, দূরে কোথাও কুকুরের ডাক সঙ্গে হোমস্টের রান্নাঘর থেকে ভেসে আসা ডাল-ভাত আর ডাল্লে খুরসানির গন্ধ। আমরা সেই ধোত্রেকে পেছনে ফেলে হাঁটা শুরু করলাম।
আজ মেরে কেটে সাত-আট কিলোমিটার পথ। এই পথটা ঠিক পথ নয়। কেমন মায়াবী সুতোর মতন। স্টিং থিয়োরির সেই অদৃশ্য সুতো। যা স্থান আর সময়কে একসঙ্গে বেঁধে রেখেছে। ওই সুতোর উপর দিয়ে হাঁটছি। একপ্রান্ত থেকে আরেক প্রান্তে। পাথুরে মাটি, মাঝে মাঝেই কুয়াশা-ভেজা পাতা আর তার মাঝে জুতোর শব্দ। আমার কাছে এই তিনটে জিনিসই এখন পৃথিবীর একমাত্র সত্যি।
দলের বাকিরা বেশ কিছুটা এগিয়ে গেছে। চড়াই ভাঙতে ভাঙতে হঠাৎ মাথা তুলে উপর পানে তাকালেই দেখতে পাচ্ছি ওদের।এখানে আমার দুপাশে বাঁশের জঙ্গল। সরু সরু বাঁশ প্রার্থনার মতন সোজা হয়ে দাঁড়িয়ে আছে। সঙ্গে আরো কত কত রডোডেনড্রন, পাইন , ওক, ম্যাগনোলিয়া। এখন তো ফুলের সময় নয়। তাই গাছগুলো কেমন চুপচাপ। কিন্তু এই চুপ করে থাকার মধ্যে এক অমলকান্তি অপেক্ষা উঁকি দিয়ে যাচ্ছে।
খানিক চড়াই বেয়ে উঠলাম। উঠতেই বাঁশের জঙ্গলটা আবার ঘিরে ধরলো আমাকে। বাঁশগুলো হাওয়ায় যখন দোলে, তখন একটা অদ্ভুত শব্দ হয়। ক্যাঁচ ক্যাঁচ নয়, একটা বেশ চাপা শনশন শব্দ। খানিকটা ওই প্রেমেন্দ্র মিত্রের ‘হাওয়া বয় শনশন’ গোছের। মনে হয় জঙ্গল নিজের মনেই কিছু বলছে। আমি কান পাতলাম। বুঝলাম, জঙ্গল বলছে কম, শুনছে বেশি। হ্যাঁ, আমাদের পায়ের শব্দই শুনছে বোধহয়। বুদ্ধদেব গুহর লেখায় কোনো একবার পড়েছিলাম, জঙ্গলে নাকি চুপ করে থাকতে হয়, বিরক্ত করতে নেই। তাই চুপ করে গেলাম। চুপ করে দেখলাম, জঙ্গল আসলে কিন্তু চুপ নয়। কত রকম শব্দ! কোথাও একটা পাখি ডাকছে, টুই টুই করে। নাম জানি না। জানার দরকারও নেই। সব পাখির নাম জানতে হবে, এমন কোনো কথা নেই। কিছু পাখি অচেনা থাকলেই ভালো। তাহলে পরের বার এলে আবার খুঁজতে ইচ্ছে করবে।
পায়ের তলায় দেখলাম মস। সবুজ মস। ভেজা ভেজা। মনে হয় কেউ যেন পাথরের গায়ে সবুজ রঙের চাদর বিছিয়ে দিয়েছে। তার উপর দিয়ে হাঁটলে পা একটু পিছলে যায়। রডোডেনড্রন গাছের পাতাগুলো এখন একটু কালচে সবুজ। দেখে মনে হয়, এরা যেন কিছু একটা মনে মনে পুষে রেখেছে। গাছেরও নাকি মন আছে? আমার তো মনে হয় আছে। এই গাছগুলো এখন অপেক্ষা করছে। মার্চ-এপ্রিলে যখন লাল সাদা ফুলে পুরো পাহাড়টা ছেয়ে যাবে, তখন এরা হাসবে। এখন এরা সন্ন্যাসীর মতন অপেক্ষা করছে। কিন্তু কই, কোনো অভিযোগ নেই তো!
এর মধ্যে হঠাৎ এক ঝলক রোদ এসে পড়লো। বাঁশপাতার ফাঁক দিয়ে রোদ এসে মাটিতে আলপনা এঁকে দিলো। আমি মুচকি হেসে ফেললাম। পাহাড়ে এই ছোট ছোট আনন্দগুলোই তো আসল। এই একটা পাখির ডাক, এক ফালি রোদ, একটু ঠান্ডা হাওয়া, একটা অচেনা ফুল। এখানে সবটাই হঠাৎ, সবটাই উপহারের মতন।
হাঁটতে হাঁটতে একটা বাঁক এলো। বাঁক ঘুরতেই দেখি, আমার দলের কয়েকজন আরো উপরে। সত্যিই পিঁপড়ের মতন লাগছে। লাল, নীল, হলুদ জ্যাকেট পরে সার বেঁধে উঠছে ।এই বিশাল পাহাড়ের গায়ে ছোট ছোট পিঁপড়ে। যেন একটু কুয়াশা এলেই কোথায় হারিয়ে যাবে। কুয়াশাটা এলোও। হঠাৎ করে। কোথা থেকে যে এলো! একটু আগেও রোদ ছিল। এখন চারদিক সাদা। সামনের গাছগুলো আর অত ভালো দেখা যাচ্ছে না। আমার একটু ভয় করলো। ‘ভয় পাস না, কুয়াশা তো মেঘেরই ছোট ভাই। একটু পরেই কেটে যাবে।’
কে বলল... বাবা নাকি?
বাবা, ও বাবা...
সত্যিই কেটে গেল। কুয়াশা কেটে যেতেই দেখি, আমার সামনে একটা ছোট্ট ঘাসের জমি। তার উপর কয়েকটা হলুদ ফুল ফুটে আছে। নাম জানি না। কিন্তু দেখে মনে হলো, ওরাও আমার মতনই হাঁপিয়ে উঠেছে। একটু রোদ পোহাচ্ছে। আমি আবার বসলাম। এবার আর হাঁপের জন্য নয়, লোভের জন্য। এই জায়গাটা ছেড়ে উঠে যেতে ইচ্ছে করছিল না।
পকেট থেকে একখানা কমলালেবু বের করলাম। খোসা ছাড়াতেই গন্ধটা ছড়িয়ে পড়লো, বাতাসে মিশে গেল। জেঠু ঠিকই বলতেন হয়তো। মধ্যবিত্ত সংসারে পাহাড়ে যাওয়া সত্যিই আদিখ্যেতা। কিন্তু এই আদিখ্যেতাটা না থাকলে, মানুষ বাঁচে কী নিয়ে? সারাজীবন তো হিসেব করেই কাটলো। কত টাকা জমলো, কত খরচ হলো। এই যে আমি এখন ঘাসের উপর বসে কমলালেবু খাচ্ছি, আর আমার সামনে দিয়ে মেঘ চলে যাচ্ছে — এর দাম কত?
হঠাৎ পেছন থেকে একটা ডাক এলো, ‘সঞ্চিতা... ক্যায়া হুয়া? ঠিক হ্যায় না? চ্যালে...!?’
তাকিয়ে দেখি, আমাদের গাইড। কুন্দন দাজু। পাহাড়ি ছেলে। মুখখানা রোদে পোড়া। হাসিটা কী সরল! আমি উঠে পড়লাম। আবার হাঁটা।
এবার পথটা একটু চড়াই। বুকটা ধড়ফড় করছে। মনে হচ্ছে, হার্টটা বুঝি বাইরে বেরিয়ে আসবে। আমি আস্তে আস্তে হাঁটছি। তাড়াহুড়ো নেই। বিভূতিভূষণের অপু যেমন হাঁটতো। তার তো কোনো তাড়া ছিল না। সে পথের ধারে একটা ঘাসফুল দেখলেও দাঁড়িয়ে যেত। আমিও দাঁড়াচ্ছি। একটা শুকনো পাতা দেখে দাঁড়াচ্ছি। পাতাটা কেমন লালচে হয়ে গেছে। তার গায়ে শিরা-উপশিরা স্পষ্ট।
এই জঙ্গলে আমরা একা নই। ছোট ছোট দলে আরও বেশ কিছু প্রাণ উঠে যাচ্ছে টংলুর দিকে। কারো পিঠে বড় ব্যাগ, কারো হাতে লাঠি। কারো মুখে হাসি, কারো মুখে হাঁপ।
একটা দলে দেখি রাজনীতি নিয়ে তুমুল তর্ক চলছে। পাহাড়ে উঠতে উঠতেও রাজনীতি পিছু ছাড়ে না মানুষের!
পাশের দলটায় তখন অন্য গল্প চলছে। একজন বলছিল, “জানো তো, আমেরিকায় নাকি কয়েকজন বিজ্ঞানী হঠাৎ করে উধাও হয়ে গেছে।” আরেকজন জিজ্ঞেস করল, “কেন? কী করতেন তাঁরা?”
“কেউ নাকি মহাকাশের রহস্য খুঁজছিলেন। কেউ আবার পারমাণবিক জিনিস নিয়ে গোপনে কাজ করছিলেন। কেউ কেউ তো ইউএফও নিয়েও গবেষণা করছিলেন।”
সবাই একটু চুপ করে গেল।
একজন আস্তে করে বলল, “তারপর?”
পাহাড়ি হাওয়ার মধ্যে কথাগুলো কেমন ভারী হয়ে ভেসে রইল। এই পাহাড়ে হাঁটতে হাঁটতেও মানুষ মহাকাশের কথা ভাবে! মানুষ আসলে যেখানেই যাক, অজানাকে জানার নেশাটা তার পিছু ছাড়ে না।
এই সবকিছুর ভেতর দেখি খানিকটা পেছনে হাসানদা দাঁড়িয়ে। একদম নির্বিকার। তাকিয়ে আছে দূরে, ওই দূরে কোথাও একটা নীলকণ্ঠ পাখির খোঁজে। যদি একবার দেখা মেলে! যদি একবার ওই নীল ডানাটা রোদের মধ্যে ঝলসে ওঠে! আমাদের সাতজনের দলে হাসান দা মেডিক্যাল অফিসার। যদিও সে দায়িত্ব আমি অনেকটাই সামলে দিয়েছি…
যাইহোক, সবথেকে বেশি বোধহয় হাঁপিয়ে পড়ছি আমি।
পা দুটো যেন আর চলতে চাইছে না। বুকের ভেতর হাপরের মতো শব্দ। মাথা তুলে দেখছি অনেকেই পাহাড়ের মাথায় উঠে পড়েছে। ওটাই নাকি টংলু। আর মাত্র কয়েক পা চড়াই।
টংলু পৌঁছে একটু কফির গন্ধ নিয়েই আবার হাঁটা ধরলাম। কফির কাপে চুমুক দিতেই শরীরটা যেন আবার চনমন করে উঠলো। পাহাড়ে কফির স্বাদই আলাদা। কফি তো নয়, গোটা পাহাড়টাই খাচ্ছি।
টংলু থেকে টুমলিং-এর পথটা আরো সুন্দর। এবার আর বাঁশের জঙ্গল নেই। এবার খোলা মাঠ। ঘাসজমি। দুপাশে ছোট ছোট ঝোপ। তার মাঝে মাঝে একটা দুটো প্রেয়ার ফ্ল্যাগ উড়ছে। লাল, নীল, সাদা, হলুদ। হাওয়ায় পতপত করে উড়ছে। মনে হয়, কেউ যেন আকাশের কাছে চিঠি পাঠাচ্ছে। আমারও ইচ্ছে করলো, একটা চিঠি পাঠাই। কী লিখবো? কাকেই বা লিখবো ?
টুমলিং-এ পৌঁছে খাওয়া দাওয়ার পাট মিটতেই বেলা গড়িয়ে গেল। সূর্যটা নেমে যাচ্ছে। আস্তে আস্তে, খুব আস্তে। পশ্চিমের আকাশটা প্রথমে একটু হলুদ হলো, তারপর একটু কমলা। এবার তাতে খানিক গোলাপি রঙা ঢেউ উঠল। কে যে আবির ছড়িয়ে দিয়ে গেল !!
আর তার মাঝে দূরে কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে। দিনের এই শেষ আলোটা ওর মাথায় এসে পড়েছে। বরফটা এখনও ঝকঝক করছে। এদিকে ঠান্ডা বাড়ছে। আকাশপানে তাকিয়েই অনেকটা সময় কেটে যাচ্ছে…
‘ওহ আকাশ সোনা সোনা’ !
সারাদিন তো মাটির দিকে তাকিয়ে হেঁটেছি। পাথর দেখেছি, পাতা দেখেছি, মস দেখেছি। আকাশের দিকে তাকাইনি। এখন তাকিয়ে দেখি, আকাশটা কেমন নত হয়ে আছে। যেন সে আমাদের উপর ঝুঁকে পড়েছে। কিন্তু তার ঝুঁকে পড়ার মধ্যে কোনো অহংকার নেই। বড় সংযত, বড় শান্ত। কোনো শেষ নেই...
আমার চোখটা একটু ভিজে এলো। ঠান্ডায় নাকি অন্য কিছুতে... জানি না। এই তো সেই পৌরাণিক আকাশ। যুগে যুগে স্থির, যুগে যুগে সংযত… আর তার সামনে দাঁড়িয়ে আমার মত এক ক্ষুদ্র মানুষ, একটু প্রণাম ছাড়া আর কী-ই বা দিতে পারি?এখন এখানে দাঁড়িয়ে আজ খুব করে মনে হচ্ছে, পাহাড়ে ওঠা মানে আসলেই কি উপরে ওঠা? নাকি নিজের কাছে আর একটু নত হতে শেখা...
কাল সকালেই আবার আকাশটা অন্য রকম হবে। কিন্তু এই মুহূর্তটা? এই বিষন্ন সুন্দর মুহূর্তটা তো আর ফিরবে না। এই নত হয়ে থাকা আকাশ, এই সংযত আকাশ, একে একটু দেখে নিই। মাথাটা বরং একটু নিচু করে বসে থাকি। পাহাড়ে এসে মানুষ তো পাহাড় দেখে। আমি কেন আকাশ দেখছি ? উত্তর নেই.. উত্তর আসলে সবসময় থাকেও না।
আগামীকাল সকাল সকাল নেপালের যমুনা গ্রামের পথে পা বাড়াবো আমরা। জীবনের প্রথম ফরেন ট্রেক। এভারেস্টার সুব্রত ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশনের হাত ধরে। সে গল্প শোনাবো অন্য এক দিন, ততদিন…
পেছন থেকে কে যেন গুনগুনিয়ে উঠলো—
“ ওই আকাশ নত, যুগে যুগে সংযত
নীরবতা অবিরত, কথা বলে গেছে কত …”
ছবি : লেখকের সংগ্রহ থেকে

















.jpg.jpeg)
No comments:
Post a Comment