Monday, September 23, 2024

ছন্দ | শ্যামশ্রী রায় কর্মকার


দৈনন্দিন টিমটিম করে যাদের ভিটেতে 

দেওয়ালে দুঃখের ছোপ বাড়তে বাড়তে মহাকায় 

বান্ধব বলতে ছায়া, প্রেম বলতেও শরীর পেরিয়ে

তেমন কোথাও পৌঁছে যেতে পারেনি এখনও 

এমনই ভেবেছো তুমি, নিজেকে মহান ভেবে ভেবে 

ফুলে ফেঁপে উঠেছ যে, ডানাওয়ালা দানবের মতো 

তাদের আকাশে গিয়ে চক্রাকারে ঘুরে বারবার 

বলতে চেয়েছো, "দ্যাখো! চিনেছ কি আমার ক্ষমতা?"

তোমার পালক ওই উড়ে পড়ল তাদের জলে 

রুপোয় মোড়ানো, চিক চিক করে উঠলো সন্ধ্যায় 

ওরা তাকে চাঁদ ভেবে পাড়ে বসে কত না কাহিনি

বুনে তাতে সুখ-দুঃখ, ব্যর্থতাও মুড়েটুড়ে রেখে 

টলতে টলতে ঘরে চলে যাচ্ছে, পায়ে পায়ে মিল 

তুমিই একেলা, ভূত, পড়ে আছ, বর্তমান নেই 

ভবিষ্যৎ নেই, কেউ নেই ছন্দে ছন্দ মেলাবার

1 comment:

গুচ্ছ কবিতা : মৃণালেন্দু দাশ

বিশ্বস্ত কিছু কথার পাশে     চড়ুই বাসা বাঁধছিল অনেকটা পূজার ডালার ছোট্ট ঝুড়ির মতো  উঠোন বাগানের টগর গাছের চার ডালের পাতায় ঘেরা মাঝের সুরক্...