স্মৃতি
আকাশের দিকে তাকাতেই মনে পড়ে
একসাথে কত তারা দেখেছি দু'জনে
একসাথে এত মৃতদেহ
নক্ষত্রের আকাশে ছড়ানো
বেঁচে থাকা ভালো, তবু, মনে হয়েছিল
একসাথে যখন ছিলাম
স্মৃতি-২
রেলের কামরার মতো
কত শত লোক, কত
নানান রকম
একজন ছিল, ঠায়, পুরোটা সফর
বাকিরা তো উঠেছিল মাঝে
নেমে গেছে
নিজের স্টপেজে
জানালা
একটু পরেই তুমি
নেমে যাবে
তোমার গন্তব্য ভিন্ন
আমি জানি, তুমিও তো জানো
শুধু এই ট্রেনের জানালা জানে না কিছুই
পুরনো বন্ধু
পুরনো ব্যথারা কত কিছু জানে
আমার ব্যাপারে—
কত দ্রুত ধৈর্য হারাই,
কী কী মুদ্রাদোষ,
এমনকি, বেদনায়
কোন্ শিরা কেঁপে কেঁপে ওঠে...
পুরনো ব্যথার সাথে
আচমকা দেখা হয়ে গেলে,
হেসে কথা বলি—
ফাঁকা কোনও গলি খুঁজে
পায়চারি করে আসি
একসাথে
এমন আতিথেয়তায়
পুরনো ব্যথারা, দেখি, পেয়ে বসে
দু'দিন পরেই ফের
ফিরে আসে—
ফিরে ফিরে আসে
এমনকি, কখনও কখনও আর
যেতেই চায় না
যারা গেছে
যারা চলে গেছে,
মানতে কষ্ট হোক,
তারা সব চলেই তো গেছে...
এই ঘরে থাকা তো যায় না
থাকে কিছু?
কিছুই থাকে না তাইবলে?
ব্যথা কিছু, কিছু তার
স্মৃতির মতন
আবছা, ধূসর; তবু থাকে
এমন থাকার থেকে
চলে যাওয়া ভালো।
ভালোবাসা
যে যার সময়মতো চলে গেছে
একা ফেলে তোমাকে উঠোনে
উঠোনের কিছু কাছে কুঁয়ো
তুমি কেন সেখানে গেছিলে?
ভালোবাসা রোগভোগ,
ভালোবাসা এভাবে মরে না
দৃষ্টি
এতদূরে আছি, তবু
তোমার তাকিয়ে থাকা— অপলক—
আমাকে কাঁপিয়ে দেয়
ভেতর অবধি
ভেতরে কী আছে?
খোলা মাঠ— খাঁ-খাঁ
কতদিন
এইভাবে আছে

No comments:
Post a Comment