আমি ও আমার 'কবিতা আকাদেমি'
১.
বিশ্বাস করুন 'বাংলা কবিতা আকাদেমি'র অন্দরমহল কেমন দেখতে
আমি জানি না, দেখার সৌভাগ্য হয়নি কখনও
আমার বাংলা আকাদেমি আমার বুক, কারখানার
নিজস্ব গ্রন্থাগার
এখানেই আমি বানিয়ে নিয়েছি একটি অলিখিত মুক্ত মঞ্চ
আমার ভাত রুটি রুজি রোজগার সংসার
অবসর সময়ে
মুক্ত মঞ্চের কোণায় জ্বলে ওঠে আলো
কবিতা পড়ে কাশিদা, রবি'দা জরিনা ছবি খালা
দৈনিক হাজিরার আরও নামহীন অনেক সহপাঠী
মুহুর্মুহু হাততালিতে ফেটে পড়ে নন্দন কানন
আকাদেমি'র সভাঘর
২.
কাশিদা আমার সঙ্গী, ভ্যান চালক, আমার কবিতার প্রথম পাঠক
সেবার আমন্ত্রণ এলো কবিতা পাঠের, নন্দনে
ছুটি করলাম
কাশিদা জানতে চাইলেন, ভাত খেয়েছ তো...
আজকাল, ভাতের জোগাড় করে কবিতায় ছড়ি ঘোড়ান স্বয়ং ঈশ্বর
অকপট কাশিদার স্বীকারোক্তির কাছে হাঁটু গেড়ে বসলাম
কবিতা পড়িনি আর সেদিন...
৩.
তরকারিতে নুন কম কিংবা বেশি হয়েছে এ বিষয়ে চিরকালীন উদাসীন আমার কবিতার সদর দপ্তর
আমার চাই ভাত
ক্ষুধা নিবারণ এর মহার্ঘ্য ঔষধ, জরিনা খালার ড্যাবড্যাবে দুটি চোখ ভেসে উঠছিল আমার বুকে
ফিসফিসিয়ে বলে উঠছিল এসব
আমি রা হীন হয়ে গেলাম
৪.
ক্ষয়ে যাওয়া গোড়ালিতে আলতার স্পর্শ পড়েনি অনেকদিন
যেমনটা 'বাংলা কবিতা'র ঘরে চিরকালীন উপেক্ষিত থেকে গেছে প্রান্তজন
এ কথা অস্বীকার করার উপায় নেই
তবুও
খালাদের চোখের বিশ্বাস, বেঁচে আছেন 'হাজার চুরাশির মা'
তসলিমা

No comments:
Post a Comment