Saturday, September 19, 2026

গুচ্ছ কবিতা : সুশান্ত সেন

 



কাল ভৈরব


গ্রামের সীমানা 

মন্দির

কতদিন আগেকার

ইট বার করা প্লাস্টার খসে পড়েছে

কাল ভৈরব

লোক আসছে যাচ্ছে

গ্রামের বৌ অনেক অনেক

পূজারী বংশ পরম্পরায়

ঢেউ তুলছে মনে

ভক্তির

ছবিটা বদলে যায় ভরা দুপুরে

তখন মন্দিরের দরজা বন্ধ।


কাল ভৈরব বিশ্রাম নিচ্ছেন।





ঝড়


গতকাল প্রথম রাত্রে বেজায় ঝড় এসেছিল

হওয়ার কি জোর

মনে হলো মঞ্চ শামিয়ানা পাশের চা দোকানের গুমটি 

যেখানে কাল সন্ধ্যায় গরম গরম বক্তৃতা হয়েছিল

সব উড়িয়ে নিয়ে যাবে।

সব তছনছ হয়ে মন্ড পাকিয়ে যাবে।


আজ সকালে দেখি সেখানে জল জমেছে

শামিয়ানা ছিঁড়ে দুলছে

সাফাই কর্মীরা ভগ্ন গাছের ডাল পাতা সরাচ্ছে 

প্রাতঃভ্রমণকারীরা থমকে দাঁড়িয়ে

আলোচনায় মত্ত।


বিশু পাগলা শব্দহীন তাকিয়ে তাকিয়ে আপনার মনে কি যেন বলে চলেছে।





অনেক দিন 


অনেক দিন কথা হয় না 

আবার অনেক দিন পর কথা

মুঠোফোনে

ফেলে আসা জীবনের কথা 

বলে দু জন।


কেন জীবন পাশাপাশি থাকে না

কেন দূরে দূরে চলে যায় 

কেন নদীর মতোই বহতা।


এই নিয়ে আক্ষেপ 

আবার কথা বলার প্রতিশ্রুতি

দুই জনের

আবার

অনেক দিন কথা হয় না।

No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা : সব্যসাচী ভট্টাচার্য্য

  সা রে গা মা পা  এই শহরে আলগা ধোঁয়ার আড়াল থেকে উঁকি দেয় সার্কাস উৎসব, পাখির পায়ে ছোট্ট একটা সুতো, গোধূলি সন্ধ্যায় নিহত সন্তানের মতন দেখায় ত...