Friday, October 30, 2026

গুচ্ছ কবিতা : সমতোষ রায়

 




পৃথিবী


পৃথিবী আসলে তিন টুকরাতে বিভক্ত 

পৃ থি ও বী 


যার প্রথম টুকরা বহু আগে ডুবে গেছে 

দ্বিতীয় টুকরা আমরাই হারিয়ে ফেলেছি 

আর তৃতীয় টুকরা নিয়ে 

একে অন্যকে বোঝাচ্ছি পৃথিবীটা গোল 





আকাশ 


আকাশ বলতে কিছু নাই কেউ নাই 


আগে পিছে অহেতুক ঘোরাঘুরি 

অহেতুক মায়া রঙে শূন্য রাঙানোর চেষ্টা 


সব হৃদয়ের ষড়যন্ত্র 

আকাশ একটা জলজ্যান্ত মিথ্যা 





সূর্য 


লাল কোনও অবস্থা নয় 

গোল কোনও সংখ্যা নয় 

সূর্য কোনও আশ্রয় নয় 


তবু 

লাল গোল হলে সূর্য হয় 

এবং আমরা আশ্বস্ত হই 





চাঁদ 


চাঁদ ক্রিয়া ছাড়া কিছু নয় 


মধ্যরাতে আকাশটা চাঁদ হয়ে ওঠে 


"ঘরে আস" বলতেই সমগ্র মহল্লা চাঁদ 


কিছুই বুঝিনি 

শুধু দেখে গেছি চুপচাপ 

কীভাবে সমস্ত কিছু বদলে যাচ্ছিল চাঁদে 





তারা 


তারা কি আকাশে থাকে 

নাকি আকাশই তারাদের ফাঁকে ফাঁকে 


একটা তারার মৃত্যু 

একটা দরজা শুধু চিরতরে বন্ধ হয়ে যায় 

বিষয়টা এমন না 


গতকাল মধ্যরাতে 

একটা তারাকে হৃদয় লুকিয়ে রেখে 

মহানন্দে ঘুমে ডুবে গিয়েছিল 


সকালে ক্ষতবিক্ষত বিধ্বস্ত হৃদয় আবিস্কৃত হলো 

কোথাও কোনও তারা নাই 

No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা : শুভঙ্কর পাল

  রাগাত্মিকা ১ পূর্বরাগ  একটি জন্মদাগের পূর্বরাগ ইতিবৃত্ত                তোমার মননে তোলে                       ‌বৈষ্ণব ভক্তির রাগাত্মিকা সুর...