Sunday, November 15, 2026

গুচ্ছ কবিতা : নিলয় গোস্বামী

 



মন


দীর্ঘ এক সুর কার আঙুলে ছড়ানো তার রেশ

তোমার আশ্চর্য মন দেখে নদীর চোখের ঘুম।

এখনে ভীষণ আলো, চলো খুঁড়ে যাই সব মোহ

বাজাই রাতের মন।অসীম স্বপ্নের দেহনামা।


আচ্ছন্ন দেনাপাওনার দু'চোখে  নাচুক উষ্ণ প্রেম

বৃষ্টিভেজা শহরের ঠোঁট ছুঁয়ে পুরুষালি  দিন

তুমি বিপক্ষের মত ফিরছ সরব ইচ্ছেমিছিলে

সখের প্লেকার্ড, চোখে লাভা,  চন্দ্রহাস তরবারি।


কণ্ঠে পাল্টা প্রতিবাদ ঠোঁটজুড়ে আক্ষেপ বাঁধে ঘর

জলের আদর দিয়ে রোদ আঁকে সোনালি বিকেল


বিনিময় অধোগামী  উঁচুনিচু পথ চেনে গুহা

গ্রহণে সোচ্চার মন বর্ষণ জানেনা তুমি একা।


ভিজে যায় পাদদেশ পাহাড় জানেনা তার কথা 

হাতে হাত রাখে মন বাকিটুকু যা হলো রূপকথা।





কবি


আমি চোখ পেতে বসে থাকি কবি এই পথে আজ

হেঁটে যাবে জানি বহু দূর।

হাত পেতে থাকি যদি পাই কিছু শব্দের প্রসাদ। 


মাথা ভরে খাবো যেন ঠোঁট ঝেড়ে ছুঁড়ে দিতে পারি

কবিতার শব্দক্ষীর । অচীন সুরের কত ঘোর। 


কবি আজ ফিরে যাবে জানি যোজন যোজন দূর

এই তো সময় এসে গেছে কিছু কুড়িয়ে নেয়ার। 


শস্য থেকে বীজ আর জল থেকে প্রাণ,শূণ্য থেকে 

অসীমের তল খুঁড়ে পাওয়া রহস্যের অনুবাদ। 


আমি নম্র চোখে দেখি কবি পদচিহ্ন আঁকা পথ

ছুঁয়ে ভাবি তার রূপ।শব্দব্রহ্ম, শুচি হই আজ।





বুদপাইছি পরে


হাইট্টা হাইট্টা গেছলামগি যে গাঙপারোর ধারো 

ধুরুমচান্দি কই থাইক্কা জাপটা তুমি  মারো 

আমি দেখো একলা বেটা একলা মন আমার

কাড়াগাঙ্গও হাতার কাটি গুঁতা খাই দামার।


ভুজবল যে থাকি আমি আর শহর বড় কাছে

পনরো মিনিট পরে আমি পৌঁছি যাই ঘাটে

মনু বড় রাগী নদ, বর্ষা কালো ধায়

তোমার মনো আমার কিন্তু একটু জেগাও নায়।


কতো বার কইলায় তুমি আইতায় মলইবাজার

আমারে লইয়া কিনতায় জিনিস কতোতা হাযার 

একবার তুমি ডাক দেও আরেক বার হামাও ঘরো

ধরকড়ি মট্টাত্ মত বদলাও তুমি আরেক বার হরো।


কতো জ্বালা বুকো লইয়া বেদনা বইরাম ঘাড়ো

কতো মজা লাগে আমার কইলজাত পুকুইর খুঁড়ো।

পাইতায়নায়গো আর পাইতায়নায় আমার মতো মানু

কইলজা দিয়া ভালা পাইছি নাম রাখছি গো জানু।


ইতা কিতা করো গো তুমি মাথায় কিরমির করে

ভালাপাইয়া ফইল হাজাইলাম বুদপাইছি পরে।



ফুটনোট : 

হাইট্টা-হাঁটা, গাঙপার-নদীর পাড়, ধুরুমচান্দি-হঠাৎ করি, দামা-ষাঁড়, মলইবাজার মানে মৌলভীবাজার জেলাশহর। হাজার-সাজুগুজুর, ধড়কড়ি মট্টাত-যেকোন সময়, হরো-সরো, মানু-মানুষ, ফইল-বিপদ, বুদপাইছি-বুঝেছি।



No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা : নিলয় গোস্বামী

  মন দীর্ঘ এক সুর কার আঙুলে ছড়ানো তার রেশ তোমার আশ্চর্য মন দেখে নদীর চোখের ঘুম। এখনে ভীষণ আলো, চলো খুঁড়ে যাই সব মোহ বাজাই রাতের মন।অসীম স্বপ...