Saturday, November 14, 2026

গুচ্ছ কবিতা : সব্যসাচী ভট্টাচার্য

 



১) 

এখনও উনুনে আঁচ রয়েছে?


এও যে অবিশ্বাস্য, নিভে যাওয়ার কথা,


সরাইখানার মারামারিতে ভেঙেছে গাল,


বালির মতন ধুয়ে যাওয়া রক্তে আত্মহত্যার গন্ধ।



মাটির ঢেলা ধীরে ধীরে বিকৃত হচ্ছে,


মরণের মৃত্যু মায়ার খেলা, সরকারি সাহায্যে


কবিতা লেখা হবে না, মার্কিন নির্দেশে কবির রাজনীতি হবে না, তবুও প্রতিটা লেখা ভীষণ রাজনৈতিক।



বেকারত্বের পক্ষীরাজ আকাশকে ভয় পায়,


আবার কখনও ভয় পায় না, নির্জন শৈশব,


শৈশবের নির্যাতন বাড়তে থাকে বড় হলে,


সেনেগালে ঘটে যাওয়া ঘটনা ঘটবে এখানে?


কবিত্ব লাভ করবে রাষ্ট্রশাসনের কাব্যিক অধিকার?



মৃতদেহের গায়ে আপনারা আতর ছড়ানো বন্ধ করুন,


কারণ যাই হয়ে যাক সেখানে মৌচাক তৈরি হবে না।



তত্ত্বকথা শুনতে ভাল লাগে না আজকাল, 


আত্মসমালোচনাও এখন গা সয়ে গেছে,


নিতান্তই জৈব প্রয়োজনে বেঁচে থাকা, প্রেমে পড়া,


চিনির লোভ নেই, দিক ভুল করা কালো পিঁপড়ের দল,


ব্যক্তিক লাভ এবং লোভ অস্বীকার করেছে, সেই অজস্র কালো পিঁপড়ের মধ্যেই থাকলাম কেন্নো হয়ে।



২) 

গায়ের সাথে গা লেগে থাকে,


ঘামের আড়ালে জন্ম নেয় দরিদ্র শোক;


একদল গোয়েন্দা বসে দলিল পাহারা দিচ্ছে!



আমি বসে কবিতার খাতায় আঁকিবুকি কাটি,


গরাদের দেয়ালে পেচ্চাপের হলুদ দাগ;


সর্বহারা মা জানে একটুকরো আলোর হদিস!



৩) 

তখনও শেষ হয়নি নরম কফি,


জেলির মধ্যে মোবিল কালো রক্তের দাগ,


গলা কাটা পড়েছে 


কিন্তু শব্দের টান? সেও কি কাটা পড়েছে?



শ্মশান স্তব্ধ হলেও আগুনের ইকো হতে থাকে,


সেই সিস্টেম-এ মন ভাগেভাগে পুড়ে যায়,


অলস দেহ আপনার পড়ে আছে 


আমি আতর মাখিয়ে দিচ্ছি চশমায়,


সেখানেও স্ববিরোধিতা ও দক্ষিণপন্থার অভিযোগ।



জিভের নিচে টকটকে লাল রং, 


সবাই সেই লাল জিভ নিয়ে ঘিরেছে,


আমি চড়ছি নাগরদোলা, প্রতি ঘূর্ণিতে স্বপ্নফণা ঢেকে যাচ্ছে আস্তে আস্তে, এক কল্কে নিয়ে এলে কিছুটা সুবিধা হত, মিথ্যে প্রজননে কেটে ফেলতাম সমস্ত ভয়।



এই নাও ভাঙা কথা, চাঁদের কলঙ্ক, যৌন অক্ষমতা,


দারুচিনি দ্বীপ লিখে দিলাম তোমার নামে, এবার থামো তো বাপু, পিরামিডের ভাষাটা বুঝতে পারলে আমার নামে একটা গাছ লাগিও, বিড়ালের ল্যাজে দুধের দাগ, ওকেও আমার মতন চোর অপবাদ দিও 


কিচ্ছু বলবে না, বংশীবাদক এসে গেছে এবার বাজাবে যৌনরাগ।



৪) 

উপরে ছেঁড়া জামা,


তার তলায় গেঞ্জি, তার ভিতর হৃদয়;


খুবলে খেয়েছে একদল হায়না!



পুরুষাঙ্গ থাকার যে অহংকার,


সেটা এক নিমেষে চলে যায় বেশ্যার বুকের পোড়া দাগ দেখে, এও কি আমার দেওয়া?



পায়ে পূর্ণিমার চাঁদ আটকে,


মেডিক্যাল কলেজ থেকে সোজা গেছি হারকাটা গলি, সেখান থেকে মর্গে!



উপরে ছেঁড়া জামা,


তার তলায় গেঞ্জি, তার ভিতর হৃদয়;


খুবলে খেয়েছে একদল হায়না!



৫) 

ধান সাধারণ ভাবেই ভাত হয়,


আর খিদে হয়ে ওঠে উনুনের আঁচ;


জ্বালিয়ে দেবে জোৎস্নার চাঁদ!



কাঁচা কয়লার গন্ধ ঘোঁট পাকাচ্ছে,


রেটিনার ভিতর কাচের টুকরো;


ভয় দেখাচ্ছে ক্রোমোজোমের আত্মতুষ্টি!



বিকারগ্রস্ত মেধা জঞ্জালের ভিড়ে,


রক্ত আর পুঁজে ভেজা ন্যাকড়া;


শুয়ে আছি গিনিপিগের শহরে!



ধান সাধারণ ভাবেই ভাত হয়,


আর খিদে হয়ে ওঠে উনুনের আঁচ;


জ্বালিয়ে দেবে জোৎস্নার চাঁদ!

No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা : নিলয় গোস্বামী

  মন দীর্ঘ এক সুর কার আঙুলে ছড়ানো তার রেশ তোমার আশ্চর্য মন দেখে নদীর চোখের ঘুম। এখনে ভীষণ আলো, চলো খুঁড়ে যাই সব মোহ বাজাই রাতের মন।অসীম স্বপ...