Tuesday, November 17, 2026

গুচ্ছ কবিতা : সুপ্রভাত দত্ত

 



দেওয়াল

         

দেশের মতো দেওয়ালের কোনও সংবিধান নেই!


তাই...


যে যখন খুশি কান পেতে শোনে,

কু কথা বলে আড়ালে,


কিংবা 

কোনো আগাছা বেআইনি ভাবে উঠে যায় 

অনেক অনেক উপরে...





লেখার ছায়া 

       

কে বলে এমন শরীর

লেখার ছায়ায় থাকে না?


কল্পনা তো তোমার আমার

নীরব মনের কৃষিকাজ...


গায়ের প্রিয় জামাটিও 

অনেক সুতোর উপন্যাস!





ব্যবধান

     

পাঁচ বছর বয়স —


মা আমাকে জলপট্টি দিয়েছিল

সারা রাত জেগে



পঁচিশ বছর বয়স —


মা আমাকে প্যারাসিটামল দিয়ে বলেছিল,

"এই নে খেয়ে নিস"



পঞ্চান্ন বছর আজ —


এক মশারি জ্বরের অন্ধকারে


মা আমাকে শুধু শূন্যতা দেয়


শুধুই শূন্যতা, সেই জলপট্টি আঁকা পথে...



No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা : পার্থসারথি চট্টোপাধ্যায়

  কয়েকটি কবিতা ১. টেলিফোনের অপর প্রান্ত থেকে  লাইটারের শব্দ ছুঁড়ছেন  কথার তীব্র হাওয়ায় — ঠুকে যাচ্ছেন ভেজা দেশলাই !  আপনার সেফটি রেজারে ...