পায়ের তলায় পোস্ত - পর্ব ১
সত্যি কথা বলতে কী, পায়ের তলায় সরষে আমার নেই, আর কোনোদিন ছিল বলেও মনে হয় না, কারণ ছোট থেকেই হঠাৎ ঘাড়ে এসে পড়া সাংসারিক দায়-দায়িত্বের ভারে, সংসারের হাজারটা টুকরো-টাকরা হিসেব-নিকেশের চাপে, সেই সরষে খুঁজে দেখার, তাকে একটুখানি যত্ন করে আবিষ্কার করার মতো বিশেষ সুযোগ বা অবসর আমার সবসময় হয়ে ওঠেনি, হয়ে ওঠার কথাও ছিল না।
তবে সরষে না থাকলেও একটু-আধটু পোস্ত যে আছে, আর সেই পোস্তটুকুই আমার জন্য যথেষ্ট, কারণ সেই সামান্য পোস্তটুকু মাঝে মাঝে আমার ভেতরে এমনভাবে নড়েচড়ে ওঠে, ওই খানিকটা খেয়ালপোকার মতন , এমনভাবে ছটফট করতে থাকে, মনে হয়, আর না, এবার একটু বেরোতেই হবে।
তবে হ্যাঁ, আমার পায়ের নীচে এই পোস্তদানা পাহাড় থেকে আসেনি, এসেছে কিছু মানুষের কাছ থেকে, যারা আমার চারপাশে আছে, একদম ঘিরে আছে। আমি দেখেছি , খেয়াল করেই দেখেছি, পাহাড়ের কথা উঠলেই কেমন যেন বদলে যায় তাদের মুখ, বদলে যায় চোখের ভাষা। গলার স্বর খানিকটা নিচু হয়ে আসে তাদের। এমনভাবে কথা বলে, সেসব কথা কানে এলেই মনে হয় একটা হাওয়া এসে লাগছে গায়ে। ওই যে মাধ্যমিকের শেষ পরীক্ষাটা দিয়ে যেদিন বেরোলাম, ফাল্গুন মাস বোধহয়, একটা হালকা হাওয়া এসে লাগল গায়ে। একদম! ওই পরীক্ষা শেষের হাওয়ার মতন।
একজন ছিল, গল্প বলতে বলতে মাঝপথে হঠাৎ থেমে যেত, তারপর জানলার বাইরে অনেক দূরে তাকিয়ে লম্বা একটা শ্বাস ফেলে বলত, "জানিস সাথী , ওই জায়গাটায় দাঁড়ালে বোঝা যায়, আমরা কত ছোট, আর এই ছোট হয়ে যাওয়ার মধ্যেই যে কী এক অদ্ভুত শান্তি আছে, নিজের চোখে না দেখলে কখনও বুঝবি না… "
আরেকজন ছিল। না, আছে। যে পাহাড় থেকে ফিরে এসে আবার একটা ম্যাপ নিয়ে বসে যায়। পড়াশোনা, গবেষণা। এত কিছু এক জীবনে মানুষ করে কীভাবে? তার কাছে পাহাড় মানেই শুধু হাঁটা নয়, পাহাড় মানেই জানা, পাহাড়ের পেছনের ইতিহাসটা, কোন গ্রামে কারা থাকে, কোন পথটা কবে তৈরি হয়েছিল, এইসব খুঁটিয়ে খুঁটিয়ে জানা।
আর একজন আছে, পাহাড়ে গিয়ে কখনো তাড়াহুড়ো করে না। সবাই যখন ছবি তোলার জন্য ছুটছে, সে তখন কোথাও একটা চুপ করে বসে আছে। জীবনে তো সবকিছু দৌড়ে পাওয়া যায় না, কিছু জিনিস পেতে গেলে থেমে যেতে হয়, চুপ করে বসে থাকতে হয়, অপেক্ষা করতে হয়। পাহাড়ও তো তাই!
একজন আছে, সবসময় বলে, "জীবনটা না একটা বড় ট্রেকের মতো।" তার মুখে এই কথাটা শুনলে প্রথমে হাসি পেত, এখন মনে হয়, এর চেয়ে সত্যি কথা আর হয় না। ট্রেকেও যেমন ক্লান্তি আসে, পা ব্যথা করে, মনে হয় আর পারবো না, তবু একটু একটু করে এগোতে হয় । থেমে গেলেই হেরে যাওয়া নয়, একটু বসে, একটু জল খেয়ে, আবার উঠে দাঁড়ানোই জীবন!
যাই হোক! পাঠক বিরক্ত হচ্ছেন জানি। কারণ লেখার শিরোনাম এমন রেখেছি যেন এক্ষুণি ছু মন্তর ছু বলেই পায়ের তলার পোস্ত দানা গড়াবে আর আমার পথ চলাও শুরু হবে। কিন্তু যিনি লিখছেন তার এমনিতেই অহেতুক বকার অভ্যেস আছে! আসলে কাজ না থাকলে যা হয়... খালি জ্ঞানগর্ভ !!
ও যা বলছিলাম আর কি! পায়ের নীচে সরষে না থাকলেও পোস্ত আছে তা তো আগেই বলেছি। পোস্তের একটা নরম, মিষ্টি, মন কেমন করা স্বাদ আছে, যে স্বাদ একবার মুখে লাগলে বারবার খেতে ইচ্ছে করে, আর সেই স্বাদটাই আমাকে বারবার ঘর থেকে বাইরে টেনে আনে।
ওই স্বাদটুকু সম্বল করেই এইবারে একদিন সত্যিই যাওয়া হলো, সংসারের সব দায়-দায়িত্বকে একপাশে সরিয়ে রেখে, ধোত্রে থেকে হাঁটা শুরু হলো। পায়ের তলায় পাথরের হিমেল ছোঁয়া, গায়ে কঠিন হাওয়ার স্পর্শ, আর বুকের ভেতরে একটা অদ্ভুত ধুকপুকানি, এই না হলে পাহাড় !!
হাঁটা শুরুর কথা পড়েই পাঠক ভাবছেন এইবার বোধহয় ট্রেকিং শুরু হলো। ধুর মশাই , দাঁড়ান না! এতো তাড়া কীসের! ট্রেকিং বললেই ট্রেকিং… শারীরিক কসরত না করে কেউ ট্রেকিং এ যায়?
এমনই একদিন মাঠে গেছি দৌড়তে। ফোন এলো, ‘শুনলাম তুই ট্রেকিংয়ে যাচ্ছিস। শোন না, এই ট্রেকের পুরো জার্নি টা সিরিজ আকারে আমাকে কিন্তু লেখা পাঠাবি…’
এই কথা শুনে আমি আহ্লাদে আটখানা হয়ে ‘ শারীরিক কসরত ‘ লাটে তুলে রুকস্যাক গুছিয়ে উত্তরবঙ্গ এক্সপ্রেসে সোজা এসে নামলাম এন. জে. পি. !!
না না না। যাত্রা এখনই শুরু হচ্ছে না। এসব আমার কমিক রিলিফ। আপাতত আবার জ্ঞানগর্ভ কথায় আসা যাক।
সেদিন ধোত্রে পৌঁছে আমি কাউকে ফোন করিনি। আসলে ফোন করিনি কারণ ওয়াই ফাই এর পাসওয়ার্ড নিয়ে একটু বিভ্রান্তি হচ্ছিল। অন্য কিছু না।
তাই একটা বেশ নিরিবিলি জায়গায় বসে বসে ভাবছিলাম, যারা আমাকে পাহাড়ের নেশা ধরিয়ে দিল, তারা কি জানে, তাদের গল্প শুনে, একটা মেয়ে যে কিনা জুতোর ফিতে ঠিক করে বাঁধতে জানে না, সে শুধুমাত্র পায়ের তলার পোস্তটুকু সম্বল করে আজ এই দূর পাহাড়ে এসে বসে আছে।
এই সিরিজটা তাদের জন্যই, নাম বলবো না, নাম না বললেও তারা বুঝে যাবে, এটা তাদেরই গল্প।
কাল সকালে ধোত্রে থেকে বেরিয়ে পড়বো। মানে আজ রাতে আমি ধোত্রেতেই আছি ধরে নিন। তারপর টুমলিং হয়ে নেপালের জৌবারি রেখে এগিয়ে যাবো সামনে… কোথায়? উঁহু, এখনই বলবো না...
দেখা যাক, কতদূর যেতে পারি…







পড়তে পড়তে মনে হচ্ছিল, লেখাটা আমি পড়ছি না, বরং কেউ যেন ঘুরে এসে নিজের অভিজ্ঞতার ঝুলি একদম নিজের মুখে খুলে বসেছেন। অসাধারণ! পরের পর্বের অপেক্ষায় রইলাম।
ReplyDelete