Monday, September 23, 2024

মোক্ষম প্রশ্নগুলি | দেবজ্যোতি রায়

ফুল থেকে রক্ত ঝরে

পাতার সবুজে কালো রং 

শিশুর খেলনাগুলি বদলে যায় অস্ত্রের আকারে 

আকাশে জ্বলছে তীব্র  মোমবাতি নক্ষত্রের মতো।

অনিশ্চিত মৃত্তিকায় এসবের সূচনা-কম্পন 

এতদূর ভাবতে ভাবতে একটি গাছের নীচে

নীরবে দাঁড়াই। অশরীরী শব্দের জাদু-

বৃদ্ধের জগৎ-ও এই স্থিতিশীলতাকে আর বিশ্বাস করে না। 

কোথায় দাঁড়াবে তবে?


বাড়ির দেয়াল থেকে চিলেকোঠা 

প্রতিধ্বনিময়

পাখি ডেকে ওঠে-- এবার বিচার চাই 

নদীর তরঙ্গে কান পেতে মাঝি শোনে

বিচারের দাবি 

নিহত সময় ক্রমশ অস্থির হচ্ছে 

বিচারে সন্দেহ নিয়ে ঝিলে মরা মাছ ভাসে!


তোমার ঘুমের মধ্যে যে কোনো মুহূর্তে ঢুকে পড়বে

সি আর পিসি-র পাতাগুলি 

মোক্ষম প্রশ্নেরা কড়া নাড়ছে গূঢ় ইতিহাসে 

বন্ধুরা প্রস্তুত। ফেটে পড়বে ক্রোধে ও বিষাদে।

1 comment:

গুচ্ছ কবিতা : মৃণালেন্দু দাশ

বিশ্বস্ত কিছু কথার পাশে     চড়ুই বাসা বাঁধছিল অনেকটা পূজার ডালার ছোট্ট ঝুড়ির মতো  উঠোন বাগানের টগর গাছের চার ডালের পাতায় ঘেরা মাঝের সুরক্...