Saturday, April 11, 2026



রাষ্ট্রবাদী-১


কথা নেই, বাতিটার অপলাপে


পড়ে আছে নিরুৎসুক ছায়া, বড্ড কাছাকাছি।


               কামনার দিন বুঝি গেল


রাষ্ট্রীয় কণ্ডোম বড় সারল্য প্রত্যাশী


 


প্রত্যেক ফুলে তবু জাতকের স্বপ্ন লেগে আছে –


দরজার পাশে, একদা সাক্ষাতে বলেছিল


আড়ালিয়া। অধোবদনের সাথে


কথারাও ধাওয়া করে, তামসিক দৌড় থেকে


ছিপছিপে উঠে আসে কথার পাহাড়


 


রাষ্ট্র কায়েম করে পাহাড়ের নাম


 



রাষ্ট্রবাদী-২


কিছুতে সাজেনি যে তাকে আমি কি দিয়ে বোঝাই –


শাসকের রঙ এক জীবনের মতো, আশপাশে প্রহরীর দল


অদেখায় ঢেকে রাখে সাদা অনশন


 


সময় অনেক আছে, আমাদের হাতে তবু নেই।


মাঠের হৃদয়ে চাঁদ, অস্থির পথটাকে এঁকেছিল রাতে


সতত ঘুমের ঘোর, আমাদের সাথে আমাদের শিশুরা তখন


আঁচলের ভাঁজ ভেঙে অনর্গল জুটেছে একসাথে – হতে পারে দলমত


হতে পারে অনুসারী বিরোধে সম্ভোগে


শীতাতুর কুকুর সেজে পরসীমানায় – দেহজ প্রবল ফেউ


ডেকে আনে সহস্র আহ্লাদ। গলা ছাড়ে ভেক, চিত্রিত বৃষ্টির দেশে


সবাই চেতনে কামুক, সকলের রঙে আঁকা ঠোঁট মিশে যায় রঙে


 


তবু যে সাজেনা এমন, কিভাবে বোঝাই তাকে


               দলমতে ডুবে যায় জনসাধারণ





রাষ্ট্রবাদী-৩


ভবানী জঠর; এই লহ প্রসাদ, খাও…


খামোখাই বিদ্রোহ করেছিলে কাল। দেখেছ তৃষ্ণা আসে


খাপছাড়া বেড়ে উঠে খিদের লহর – করে বিচলিত


 


তাই অনুগত, হতে হয়। যতবার এদিক ওদিক


ভেবেছিলে পথ আছে – ততবার স্থির সীমানায়


কাঁটাতারে পক্ষির মৃতদেহ দোলে


            ভাবনারও ঘটে অবসর


 


স্থলের জানুতে এসে প্রবাহের মতি বদলায়


 



রাষ্ট্রবাদী-৪


আরেকবার উড়ে গেল হাঁস, খামারের দিকে


সঙ্গীরা বলেছিল ভালো, প্রহরের নাম যেথা দলীয় সংহতি


সেই দিকে উড়ে গেল হাঁস


 


কথাও ফুরালো। কেননা সাবধানে ইতিউতি


চলাই জীবন। মালিকের দেশে


কাল কেউ নিয়ে যাবে হাটে বা বাজার, খাঁচা জুড়ে


দানাপানি ছড়াবে অঢেল


 


তবেই ওজন বাড়ে, বাড়ে বল, বাড়ে মাংস


স্বাদের সম্বল নিয়ে শেষতক উড়ে গেল হাঁস


খামারের দিকে


 


এরপর বিকল্প গুঞ্জনটুকু মুছে দিতে পার, যদি চাও


পাত পেড়ে বসে থাকা অবয়বটাকে


আর কারো খাদ্যে পাঠাও


 


কিছুই হবে না তাতে, কোনো খেদ রহিবে না


হত্যার আহুতি পরে নরমাংসে থাকবে না ভেদ ভক্তি জ্ঞান


 


আর কোনো দাস এসে তোমার সমান


তোমারই শরীর হবে



 


রাষ্ট্রবাদী-৫


এভাবে প্রেমের কথা নয়, মিশুকে বাতিটার পাশে


জেগে আছে কাঁচের পুতুল, বিমোহিত পোকাদের দেশে


নিরুক্ত শরীর জুড়ে আগুনের পরিচিত ছাপ, মৃত্যুও ক্রিয়াশীল


আমাদের সব কথা নিয়ে গেছে


 


মরা নদী ধরে আছে জলের প্রলাপ


 


এভাবে প্রেমের কথা নয়, জানালা জড়িয়ে আছে


রাস্তার আলো, ঘরেও কিছুটা দূর নিয়ন দাঁতের খুনি


ছিঁড়ে নিলে যত অন্তরাল, আদিগন্ত গ্রাস করে


প্রচারিত সমাজ নিশুতি


 


নিরালা হারিয়ে কথা অনুদানে থিতু হয় নিভৃতি কাঙাল


 


নদীটার জল চাই, চাই মাঝি। এত খুন মাপ করে


সহচারী জেগে থাকে যদি, ছইয়ের সামনে রেখে ভেজা গামছা


সরবে পেরিয়ে যাব আরোপিত তরঙ্গ সঙ্কুল


 


মুখোমুখি প্রেম হয়ে ভেসে যাবে মানুষের কথা

No comments:

Post a Comment

প্রবন্ধ : ফজলুল করীম

মার্কিন সাম্রাজ্যের সাহিত্যিক ময়নাতদন্ত সাম্য রাইয়ান-এর উপন্যাস ‘সকল প্রশংসা মার্কিন সাম্রাজ্যবাদের’ সমকালীন বাংলা সাহিত্যের এক অত্যন্ত সাহ...