Saturday, April 4, 2026

গুচ্ছ কবিতা : সৃজিতা চক্রবর্তী




 কাশী এক নদী পর্যায়


মুক্তি


ধুতরা ফুলের ছায়ায় 

পবিত্রতা কেঁপে ওঠে,

নদী ঘোলাটে হয় 

সূর্যাস্তের বিসর্জনে,

ওতে মিশে আছে 

চিরমুক্তির চিতা ভষ্ম

আর মোক্ষ লাভের আর্তি।





উদযাপন


স্তূপ স্তূপ আগুন 

পোড়া চামড়ায় কালো দাগ

রঙিন জড়িতে মোড়া মাংসপিণ্ড  

অদৃশ্য দেবতা ধোঁয়ায় বিলীন ।

পবিত্রতার তাগিদ চরম।

সে

উদযাপন দেখে

নিশ্চল অবিরাম

চামর দুলে ওঠে আরতিতে।





সময়


ধুলো মাখা দীর্ঘ কাঠামো,

সময়ের থেকে প্রাচীন 

তার দৈর্ঘ্য প্রস্থ।

ভগ্ন কারুকার্য রক্ষা করে 

একটা শহর দাঁড়িয়ে আছে 

অলৌকিকতার ভরসায়।

তামাটে শিল্প সময় আটকে রাখে

কালচক্রের শূন্য গতিতে।





আধ্যাত্ম


অঘোরী তপস্যায় স্বপ্নে আসে —

পুনরায় ফিরে আসা পরিযায়ী

আয়ুকালের দুই প্রান্ত

— পবিত্র — অশুচি।

কর্মফলের অজুহাতে

নিঃশব্দ বাতাস মন্ত্র পড়ে,

 দিক নির্দেশ করে ডিঙিগুলোকে,

ওরা ধীরে ধীরে পারি দেয় 

আধ্যাত্মে — এক না ফেরার দেশে।


No comments:

Post a Comment

প্রবন্ধ : ফজলুল করীম

মার্কিন সাম্রাজ্যের সাহিত্যিক ময়নাতদন্ত সাম্য রাইয়ান-এর উপন্যাস ‘সকল প্রশংসা মার্কিন সাম্রাজ্যবাদের’ সমকালীন বাংলা সাহিত্যের এক অত্যন্ত সাহ...