তিনটি কবিতা
১.
হ্যাপি আওয়ার
তোমাকে যে রঙে দেখি, হলুদ ট্যাক্সির শহরে ফ্যান্টাসি লিখে দেয় বৃষ্টি-বিদায়,
অ
ন্ত
হী
ন
এইট বির দিক থেকে হেঁটে আসে কলেজবেলা। তার নীল লাইনারে ট্রাফিক থেমে যায়। গোড়ালিতে বিপ্লবী চাঁদ।
চাঁদের ডান কাঁধে লাল তিল। গলায় শঙ্খের মালা। চুল সরিয়ে নিচ্ছে সুগন্ধি সি-শার্প।
সে দেখায় ফ্রয়েডীয় পারদ। সন্ধের মেমোরিকার্ডে স্মৃতিরা পাশে এসে বসে।
২.
গানের ওপারে
আমি তোমার চোখে আত্মহত্যার ট্রেলার দেখেছি। যতটা নীল, যতটা চুরমার, যতটা জ্বরের শেষে একটা সাহসী উইকেন্ড।
বি
স্ম
য়
আমার সল্ট অ্যান্ড পিপার জীবনে সিঁড়ি ভাঙে সোফিয়া লরেন।
বি
স্ম
য়
প্রিয় মন্দারমণি। বাথটাবে মিনে করা সমুদ্র। তোমার ঠোঁট ছুঁয়েছে সুখী ব্লেন্ডার্স।
ইড়া। পিঙ্গলা। সুষুম্না
গানের ওপারে পুতুলগুলো নড়েচরে ওঠে।
৩.
ডিপ থ্রাস্ট
যে ছায়া সাঁতার ভুলে গ্যাছে সেও পার হয়ে যায় একে একে মানুষ। রাতের ওভেনে নিঃসঙ্গ সংসার।
বৃষ্টি।
সারারাত বৃষ্টি থামে না।
এই অযাচিত তাকিয়ে থাকা, উপস্থিতির ধ্বংসস্তূপ শরীর পেতে দেয়।
মু
হূ
র্ত
অসাড় হয়ে আসে।
তুমি খুবলে নাও শেষ বিন্দু জল।
২৭-০৭-২০২৬। সকাল ৯টা ৪৭।

No comments:
Post a Comment