ঈশ্বর সিরিজ
(১)
অযথা অন্ধকার হাতড়ে এসে
নিহিত ইচ্ছে আরো গভীর হয়।
যে গুটিকয়েক পাপ লেগে থাকে প্রতিস্রোতে,
তাই আমার উপজাত সংগ্রহ।
ফের সে অন্ধকারে হেঁটে যাবার সময়
আমি শূন্যতার অংশ হয়ে উঠি।
আলো অস্বীকার করার তীব্র এই স্পৃহাকে
তুমি দূরে বসে নাম দিয়েছ - প্রার্থনাগীত।
(২)
সম্ভাবনার গন্ধে শিথিল দেহ আগুন খোঁজে,
নীরব আলোর দুর্বল শক্তিতে
আমি তখন স্বয়ং এক ঈশ্বর।
অস্থায়ী বিছানায় প্রাপ্তির ম্যাপ বেঁধে
ছুটে বেড়াই
হেরে যাওয়া প্রতিটি দ্বাররক্ষীর কাছে।
যুদ্ধ সংবাদ এসে পৌঁছানোর আগেই
বারুদ জমিয়ে রাখি
নিস্তব্ধতার বরফ আরো ঘন হয়ে এলে,
ঈশ্বর আমি, আলোর কোণে দাগ কাটি।
প্রতিটি দাগই তখন একেকটি জ্বলন্ত দেশলাই …
(৩)
ইতস্তত ছড়ানো কাদামাটির পাশে
প্রকাশের দায় অস্বীকার করে
বেঁচে থাকে রুগ্ন কবি।
প্রলেপের একেকটি স্তর শুধু
ঈশ্বরের মৃত পা অবধি ছড়ানো।
কাঁচা অন্ধকারে মাখামাখি পুরুষ
আদল গড়ছে শূন্যতার ভয়েই।

No comments:
Post a Comment