আড়াই, আড়াই
১. ঋতু
সূর্য থেকে বৃষ্টি ঝরে রোদের
ফোটায় জমে গাছের নিচে আঁধার
অন্ধকারে এক ভিখারির থালা—
সূর্যফোঁটা বিম্ব করে চাঁদের।
২. ভ্রমণ
সমুদ্রে গিয়েছি কত স্বপ্নের ভেতরে
চাঁদেও তো গেছি, নাকি?—একবারই, বেশ!
তোমার নিকটে এসে খরচ করেছি—
হাতের রেখাতে ছিল যে-টুকু বিদেশ।
৩. জাগতিক
তোমাকে পেয়েছি আমি তাই বাকিরা
অন্যকিছু পাওয়ার আশায়—
তেল নিয়ে হানাহানি করে।
জমিজমা নিয়ে আজও সালিশ বসায়।
৪. এলিয়েন
বলেন, ভূতেরা কত পর্যন্ত গুনতে পারে?
বলেন, এলিয়েন আছে কি নাই, বলেন?
চলেন, পৃথিবীটাই সেই স্পেসশিপ, আর
আমরা এলিয়েন।
৫. ‘ফাহো’
দূর থেকে এলিয়েন—'ফাহো!’
শান্ত নীলাভ-মার্বেল সেই গ্রহ
শিবের কণ্ঠের রঙে রাঙা আর
হাসানের ‘নীল’ পেয়ালার…
('সাপা’ নাম্নী সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ভাষাবিদ কনটেন্ট ক্রিয়েটরের তৈরি ‘জিভ ছাড়া দুমুখো এলিয়েনদের’ উচ্চারিত শব্দ, ব্যকরণ, নিয়ম, মানে আস্ত ভাষা নিয়ে করা কাজ বা গবেষণা-প্রসূত আপাতত কল্পিত/কৃত্রিম এক অভিধান, নাম ‘কড কনল্যাং’—যেখানে ‘ফাহো’ বা ‘ফা-হো’ অর্থ, ‘হ্যালো’।)

No comments:
Post a Comment