Friday, November 13, 2026

গুচ্ছ কবিতা : হাবিবুর রহমান

 




পাখি প্রবণ 

আলোর গাছ নুইয়ে পড়ে 
ধান খেয়ে উড়ে গেল পাখির দল 
আমাদের চিলেকোঠায়
একগুচ্ছ হলুদ অন্ধকার নেমে আসে 

বুক চিরে যদি আলোকিত বৃষ্টি  নামে 
উড়ে আসে যদি একঝাঁক সাদা বুক পায়রা
সব উপসর্গগুলি তখন পাখি প্রবণ বিনম্র সকাল হয়ে ওঠে।




ভালো থেকো 

ভালো থেকো তুমি কবিতা
মরসুমি বৃষ্টি হাওয়ার ঠোঁটে 
চুম্বন দিয়ে গেলে 
মায়া জড়ানো একটি বিকেল
গোধূলি রঙের পাখি তোমার বারান্দায়
অন্ত্যমিলের কবিতা পাঠ করছে
মধুময় স্বপ্নের সিঁড়ি ভেঙে
অন্ধকার জলের কবিতা 
হু হু করে চৌকাঠ পেরোয় 
ভালো থেকো তুমি কবিতা 
ভালো থেকো তুমি ময়ূর। 




পুড়ে যাই

বাড়ির কাছে বসেছে 
মেঘেদের সেবাঘর
তুমি তো বিরহের কবিতা শোনাও
পাখিরা দিব্যি হেঁটে যায় তোমার উঠোনে 
ছাইরঙা আকাশে তখন একফালি রোদ
পুড়ে যাই সম্মোহনী কবিতায়
যখন দীর্ঘশ্বাস পাখি হয়ে ওড়ে।




একগুচ্ছ গোলাপ দিও 

তোমার ধূসর চুলে
আলো গড়িয়ে যাওয়া বিকেল
ঢেউ তোলে তখন বর্ষামঙ্গল
একগুচ্ছ গোলাপ দিও, দিও একটি সেতার
পাখিগুলো ঘরে ফিরছে 
হেলাল হাফিজের কবিতা ঠোঁটে নিয়ে 
বুকের কাছে অসীম শূন্যতায়

                   উতলে ওঠা এক নদী।




প্রেমিক ফুল 

রোদেলা দুপুর একটি শালিক
গান গাইতে গাইতে হঠাৎ থেমে গেলো
পালকের ভেতর আর গান  ছিল না 
ঝলসে যায় মিহিন সুতো নিবিড় সম্পর্কের পাখি 

অথচ এখানে চাঁদের ভেতর থৈ থৈ জল ছিলো 
নক্ষত্রের ভেতর আলো
বসন্তগাছে একগুচ্ছ প্রেমিক ফুল ।




একটি মৃত্যুর সকাল 

নদী আজ চোখের জল 
বালুচর দিয়ে হাঁটি,
এই শরতে 
পার্থিব সব অগোছালো, 
ঋতুমতী বাতাসে 
মধ্যরাতের ভাঙা চাঁদ কিভাবে কেঁপে ওঠে 
আর্তনাদ করে ডাকে
একটি মৃত্যুর সকাল, আমি নির্বোধ সময়ের পাখি 

মাথার উপর উড়ছে অসংখ্য দাঁড়কাক।




একটি প্রজন্ম গোলাপ 

আমার কাছে 
একটি প্রজন্ম গোলাপ আছে 
পাখির প্রণয় আকাশ ছোঁয়
সুবাস ছড়িয়ে পড়ে ঘরময়
পাখিদের ডানায় নীল রঙের মেঘ 
এখানে প্রণয় বৃষ্টি হবে

গোলাপি মাছেরা উৎফুল্ল হয়ে নাচছে

                        যুবতী নদী 

এখানে কোনো একদিন
গোলাপি মাথা হাঁস
জ্বেলেছে প্রেমের আলো

শেষ বিকেলের রোদ 
স্নান করে উঠে নাবিক 
হাতে তার প্রজন্ম গোলাপ।




নেহাই 

তির্যক জ্যোৎস্না ছড়ালো ধুলোর পৃথিবী 
উথাল পাথাল নদী দাঁড়িয়ে পড়ে মোহনায়,
মোহনা আজ স্থবির 
ধূসর বিকেলের পাখিরা বুক মেলাতে আসে
খুলে পড়ে রুপোর নোলক
যখন জ্বলে ওঠে নেহাই বুকের পাঁজরে 
তখন এখানে কবিতা লেখা বারণ।




একলা শালিখ

নক্সীকাঁথা,রঙ উঠে যায় 
একলা শালিখ বিষাদ দুপুরে 
উলঙ্গ আলোর কাছে দাঁড়িয়ে পড়ে 
এখানে কোনো স্নিগ্ধ বৃষ্টি নেই 
জমে আছে ধুলোর পাহাড়
ঠোঁট ভেঙে আসা বিষাদের গল্প
বৃষ্টিস্নাত হবে এখানে যদি বৃষ্টিতরু জন্মায়।




একটি চুম্বন 

এই একটি চুম্বন‌ই 
একটি নীলকান্ত মণিহার 
অগোছালো রাত সেজে ওঠে
মেহেদী নূপুর আলতায় 
ফুলগুলো ফুলের ভেতর
একাত্ম একটি সংসার পাতে
দুকূল ছেপে উতলে ওঠে নদী
সব মাধুর্য পিরিতি মৌচাক থেকে 

গুন গুন গান আজ শুধুই জলের উচ্ছ্বাস।

No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা : নিলয় গোস্বামী

  মন দীর্ঘ এক সুর কার আঙুলে ছড়ানো তার রেশ তোমার আশ্চর্য মন দেখে নদীর চোখের ঘুম। এখনে ভীষণ আলো, চলো খুঁড়ে যাই সব মোহ বাজাই রাতের মন।অসীম স্বপ...